চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: স্ত্রী-সন্তান-ভাইয়ের পর গৃহকর্তা সাখাওয়াতের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে গৃহকর্তা সাখাওয়াত হোসেনও (৪৬) মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি মারা যান বলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানিয়েছেন।

এর আগে মারা গেছেন সাখাওয়াতের স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, ছোট ভাই সামির আহমেদ সুমন, ছোট ভাইয়ের স্ত্রী আশুরা আক্তার পাখি।

এই ঘটনায় এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন উম্মে আইমান স্নিগ্ধা (১০), সামিরের দুই সন্তান আয়েশা (৪) ও ফারহান আহমেদ আনাছ (৬) এবং সাখাওয়াতের আরেক ভাই শিপন হোসাইন (৩১)।

গত সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

প্রতিবেশীরা জানান, আগুন লাগার পর শরীরে আগুন নিয়ে একে একে বাসার সদস্যরা বের হয়ে আসেন।

দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ নয়জন দগ্ধ হন। তারা সে সময় সেহরি করছিলেন।

চিকিৎসকদের তথ্যমতে, শিপনের ৮০ শতাংশ, আইমানের ৩৮ শতাংশ, আনাছের ৩০ শতাংশ এবং আয়েশার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর প্রথমে দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার বার্ন ইউনিটের চিকিৎসকরা তখন সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, রান্নাঘরে গ্যাস জমে ছিল। চুলায় আগুন ধরাতে গিয়ে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। তবে লিফট, আইপিএস বা উচ্চ ভোল্টেজ সংযোগ নিয়েও আলোচনা হচ্ছে।

ঘটনার কারণ উদঘাটনে ফায়ার সার্ভিস ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বিস্ফোরণের একদিন পেরিয়ে গেলেও এখনো সুস্পষ্ট কারণ জানা যায়নি।

চাটগাঁ নিউজ/জেএইচ

আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top