চাটগাঁ নিউজ ডেস্ক: সদ্য নির্বাচিত হওয়া চট্টগ্রামের এমপিদের নিয়ে সিপ্লাস টিভি চালু করেছে অভিনব আয়োজন ‘চাটগাঁইয়া টকশো’। যেখানে দেশ বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চাটগাঁইয়ারা সরাসরি যুক্ত হয়ে জানতে পারবেন এমপিদের ভাবনা, জানাতে পারবেন স্ব স্ব এলাকার সমস্যা ও অভিযোগ। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আজিম উদ্দিন নামের একজন প্রবাসী সরাসরি লাইভ টকশোতে ফোন করে চাঁদাবাজির অভিযোগ করেছেন, যিনি নিজেও একজন বিএনপি নেতা। এমন অভিযোগ শুনে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান আশ্বাস দিয়েছেন সমাধান করার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সিপ্লাস টিভির এডিটর ইন চীফ আলমগীর অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত লাইভ টকশোতে ব্যতিক্রমী এই ঘটনা ঘটে। যেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান।
আজিম উদ্দিন অভিযোগ করে বলেন, আমি দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং আমি একজন প্রবাসী। আমি একটি বাড়ি নির্মাণ করছি যেখানে বিএনপির নাম ভাঙ্গিয়ে টোটন নামের এক চাঁদাবাজ আমার নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে গেছে। আওয়ামী লীগের আমলেও আমি এ ধরণের সমস্যায় পড়িনি।
অভিযোগ শুনে আবু সুফিয়ান বলেন, আইন সবার জন্যই সমান। বিএনপির জন্য এক আইন ভিন্ন দলের জন্য অন্য আইন আমরা এটাতে বিশ্বাসী না। বিএনপি চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স। সুতরাং বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখবো।
তিনি আরো বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা আওয়ামী লীগের মতো দমন-পীড়ন রাজনীতিকে পশ্রয় দিব না। বরং সহনশীলতার যে রাজনীতি আমরা ধাপে ধাপে সেদিকে অগ্রসর হচ্ছি। আপনারা ইতোমধ্যে দেখেছেন আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের প্রধান থেকে শুরু করে নাহিদের বাসাতেও গিয়েছেন। আমিও আমার নিকটতম প্রতিদ্বন্দ্বীর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাত করে আসছি। যা এর আগে কখনো এমনটি দেখা যায়নি। এটাই বিএনপির নতুন ধারার রাজনীতি যেখানে কারও প্রতি কোনো বিদ্বেষ-ক্ষোভ থাকবে না।
বিস্তারিত সিপ্লাস টিভিতে………………………
চাটগাঁ নিউজ/জেএইচ





