চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের ইকোট্যুরিজম কেন্দ্রে রূপান্তর করতে সরকার সমন্বিত পরিকল্পনা গ্রহণ করবে। একই সঙ্গে হাটহাজারীতে অপরাধ ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সমন্বয় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে তিনি উপজেলা বিএনপি আয়োজিত অমর একুশে ফেব্রুয়ারির কর্মসূচিতে অংশ নেন।
সভায় তিনি জানান, সরকারি জমি ও খাল দখলমুক্ত করতে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। খাল পুনরুদ্ধারের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে এনে কৃষকদের উপকার নিশ্চিত করা হবে। যানজট নিরসনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বাসস্ট্যান্ড থেকে চৌধুরীহাট, বড়দিঘীর পাড় ও অক্সিজেন এলাকা পর্যন্ত যানজট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এ কাজে সামাজিকভাবে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
সড়ক উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চৌধুরীহাট এলাকায় সড়ক সংস্কারকাজ শুরু হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে আরও কয়েকটি সড়কের কাজ শুরু হবে। যেসব সড়কের অনুমোদন বা অর্থায়ন এখনো হয়নি, সেগুলোর তালিকা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। নির্বাচিত প্রতিনিধি হিসেবে হাটহাজারীর প্রায় পাঁচ লাখ মানুষের উন্নয়নে দল-মত নির্বিশেষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, হাটহাজারীতে ১৭টি সরকারি দপ্তর ছাড়াও প্রায় ২৭টি দপ্তর কার্যক্রম পরিচালনা করছে। সমন্বিত উদ্যোগ নিলে স্থানীয় সমস্যা দ্রুত সমাধান সম্ভব।
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, সারাদেশের চার কোটি পরিবারকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। দল, ধর্ম বা শ্রেণিভেদে কোনো বৈষম্য থাকবে না। হাটহাজারীতে হতদরিদ্র, দরিদ্র, নিম্নমধ্যবিত্ত ও সচল—এই চার শ্রেণিতে তালিকা প্রণয়নের কাজ শুরু হবে।
পার্বত্য চট্টগ্রামকে দেশের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের বিশাল সম্ভাবনা রয়েছে। যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মৌলিক সুবিধা উন্নয়নের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






