চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। তিনি জানান, বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে কার্যকরভাবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো দায়িত্ব পাওয়ার পর নিজ জেলা চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ বোস্তামীর আংশিক) আসনের সংসদ সদস্য মীর হেলাল উল্লেখ করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দেশের উন্নয়নে কাজ করার যে অঙ্গীকার তিনি করেছেন, তরুণদের সম্পৃক্ত করা তার গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, হাটহাজারী আসনে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হওয়া তাঁর প্রতি জনগণের আস্থারই প্রতিফলন।
দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ি ও বাঙালি—সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। উত্তর, দক্ষিণ ও মহানগর এলাকায় আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের অবদানের কথাও তিনি স্মরণ করেন।
দায়িত্ব প্রাপ্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে মীর হেলাল বলেন, এটি জনগণের ভালোবাসার ফল। তিনি জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর ওপর আস্থা রেখেছেন বলেই তিনি এই দায়িত্ব পেয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






