স্ত্রীকে ছুরিকাঘাতের পর জঙ্গলে ফেলে পালাল স্বামী

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীতে ছানোয়ারা বেগম নামে এক নারীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় জঙ্গলে ফেলে পালানোর অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্বামী হাবিবুর রহমানের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছানোয়ারা নগরীর চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে এবং বিটাক-এ কর্মরত।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, হাসপাতালের অপারেশন থিয়েটারে আহত নারীর অস্ত্রোপচার চলছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাবিবুরের বাড়ি ফরিদপুর জেলায়। এটি ছানোয়ারার দ্বিতীয় বিয়ে এবং পূর্বের সংসারে তার দুই সন্তান রয়েছে। গত ছয় মাস ধরে স্বামীর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না এবং সম্প্রতি তিনি স্বামীকে ভাড়া বাসা থেকে বের করে দিয়েছিলেন। মূলত পারিবারিক কলহের জেরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, অভিযুক্ত স্বামীকে আটকের চেষ্টা চলছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top