চাটগাঁ নিউজ ডেস্ক : অতিরিক্ত মুনাফা করলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আজ বৃহস্পতিবার খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই হুঁশিয়ারি দেন।
পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাতুনগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘উৎসব এলে দাম কমবে—এমন সংস্কৃতি গড়ে তুলতে হবে। রমজানকে কেন্দ্র করে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট বা ভোক্তা হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না।’
তিনি ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খাতুনগঞ্জ দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার। এখান থেকে যদি দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়, তবে সারা দেশ তা অনুসরণ করবে।
জেলা প্রশাসক বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর নিত্যপণ্যের দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত রয়েছে এবং এখন পর্যন্ত বড় ধরনের মূল্যবৃদ্ধির অভিযোগ পাওয়া যায়নি। তিনি ব্যবসায়ীদের ‘ব্লেইম গেম’ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে ব্যাবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে যথাযথ রশিদ দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। পাইকারি বাজার থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রির সময় রশিদে বিক্রেতার যোগাযোগ নম্বর সংযুক্ত রাখারও নির্দেশ দেওয়া হয়, যাতে প্রয়োজনে তা যাচাই করা যায়।
পরিদর্শন শেষে খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন ও বড়পুল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, রমজানজুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এসএ





