চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে আহত ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চকরিয়া উপজেলার জাইল্ল্যার ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কক্সবাজারগামী মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানবাহন মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে। এতে বাসের দুই যাত্রী আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের সরিয়ে নেওয়ায় পরিচয় নিশ্চিত করা যায়নি।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি যানবাহন জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বাস ও পিকআপের চালক এবং হেলপার বর্তমানে পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top