পেকুয়ায় বাস–সিএনজি অটোরিকশার সংঘর্ষে শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাহসিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনর আলী মাতব্বর পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত তাহসিন ঈদগাঁও এলাকার আবদুল হকের ছেলে। দুর্ঘটনার সময় সে সিএনজি অটোরিকশায় ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা ‘বলাকা’ নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজি অটোরিকশাতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহসিনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান জানান, বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা সম্ভব হয়নি। সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top