চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের খণ্ডকালীন শিক্ষকদের অব্যাহতি দিয়ে নতুন শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীদের একাংশ। এসময় তারা বিক্ষোভ প্রদর্শন করে ও অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা কেন্দ্র ও অধ্যক্ষের কক্ষের সামনে এ ঘটনা ঘটায়।
জানা যায়, এদিন সকালে একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের আইসিটি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষা চলাকালীন একদল শিক্ষার্থী হল থেকে বেরিয়ে এসে প্রতিবাদ শুরু করে এবং ৩টি পরীক্ষার কেন্দ্র এবং অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেয়। এ সময় ১১৩, ১১৪ ও ১২০ নম্বর কক্ষে অবস্থানরত শিক্ষার্থীদের একাংশ ভেতরে আটকা পড়লে পরীক্ষা স্থগিত হয়ে যায়।
কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সাদিয়া সুলতানা মিনা বলেন, আমাদের কলেজে নতুন শিক্ষক নিয়োগ হয়েছে তাদেরকে আমরা চিনি না, পূর্বে যারা ছিলেন তারা খুব বন্ধুসুলভ ছিলেন। তারা ১০-১২ বছর আমাদেরকে পড়িয়েছেন। তাদেরকে হঠাৎ করে বহিষ্কার করে নতুন শিক্ষক নিয়োগ দেয়ায় আমরা আন্দোলনের করছি।
মো. মোজাম্মেল নামে একই বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, প্রশাসন বলছে তারা অযোগ্য। তারা অযোগ্য হলে ৫ আগস্টের পরে কেন তাদেরকে বাদ দিলেন না? আমরা চাই আমাদের পুরাতন শিক্ষকরা আসুক।
মানবিক বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ অহি জানায়, আমাদের স্কুল আর কলেজে সম্প্রতি যে প্রধান অধ্যক্ষ নিয়োগ হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। তার নামে সৌদি আরবে ১৬ কোটি টাকার দুর্নীতি মামলা রয়েছে। ইউজিসির কাছে নিয়োগ বাতিলের জন্য আবেদন করা হয়েছিল কিন্তু আমাদের আবেদন উপেক্ষা করে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
জানতে চাইলে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পূর্বের শিক্ষকরা কোনো নিয়মিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আসেননি। বর্তমান নিয়োগটি লিখিত পরীক্ষা, প্রেজেন্টেশন ও ভাইভার মাধ্যমে সম্পন্ন হয়েছে। খণ্ডকালীন শিক্ষকদের জন্য আবেদনের যোগ্যতা শিথিল করা হলেও তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে আইন অনুযায়ী নতুন নিয়োগ সম্পন্ন হয়েছে।
এদিকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা দুটি দাবি পেশ করেন।
দাবিগুলো হলো-
১. নবনিযুক্ত অধ্যক্ষের অপসারণ।
২. দীর্ঘ ১০ বছর ধরে কর্মরত শিক্ষকদের চাকরিতে বহাল রাখা বা ন্যায়বিচার নিশ্চিত করা।
চাটগাঁ নিউজ/জেএইচ





