ভাইরাল তারেক–মান্নার পুরোনো ছবি

বিনোদন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। একই দিনটি বাংলা চলচ্চিত্রের অমলিন নাম মান্নার মৃত্যুবার্ষিকী।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই জনপ্রিয় নায়ক। সময় গড়িয়ে বহু বছর পেরিয়ে গেলেও দর্শকের মনে তার আবেদন আজও অটুট। পর্দায় তার উপস্থিতি এখনও ভক্তদের মনে নস্টালজিয়া ও আবেগ জাগায়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তারেক রহমান ও মান্নার করমর্দনের একটি পুরোনো ছবি। ছবিতে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় দু’জনকে। বিশেষ করে লন্ডন থেকে দেশে ফেরার পর তারেক রহমানকে ঘিরে আলোচনার প্রেক্ষাপটে ছবিটি নতুন করে সামনে আসে। বিনোদন অঙ্গনের অনেকেই ছবিটি শেয়ার করে স্মৃতিচারণ করেছেন।

স্থিরচিত্রটি নিয়ে সম্প্রতি কথা বলেছেন প্রয়াত নায়কের স্ত্রী শেলী মান্না। তার ভাষ্য অনুযায়ী, ছবিটি সম্ভবত ২০০২ সালের পরের কোনো সময়ের, যখন বিএনপি রাষ্ট্রক্ষমতায় ছিল। পয়লা বৈশাখ উপলক্ষে রমনার বটমূলে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন মান্না। সেখানেই তারেক রহমানের সঙ্গে তার দেখা ও শুভেচ্ছা বিনিময় হয়।

শেলী মান্না বলেন, এ ছবিটি দীর্ঘদিন আগের। ছবিটি আমাদের কাছেও রয়েছে। হঠাৎ দেখছি ফেসবুকে ঘুরছে। সেদিন আসলে মান্নার সঙ্গে তারেক রহমানের হঠাৎ দেখা হয়। মান্নার মুখে যতদূর শুনেছি, তার অভিনয়ের জন্য তাকে প্রশংসা করেছিলেন। মূলত অভিনয়, দেশ—এসব বিষয় নিয়েই কথা হয়েছিল। তারকাদের রাজনীতিতে এসে দেশের সেবা নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্ম নেওয়া মান্নার প্রকৃত নাম ছিল আসলাম তালুকদার। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। প্রথমদিকে আজহারুল ইসলাম খানের ‘তওবা’ চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে কাজী হায়াতের সঙ্গে একাধিক চলচ্চিত্রে কাজ করে শীর্ষ নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ধীরে ধীরে আসলাম তালুকদার নামটি আড়ালে চলে যায়; বাংলা চলচ্চিত্রে তিনি শক্তিশালী এক নায়ক হিসেবে পরিচিতি পান—মান্না নামেই।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top