চট্টগ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের প্রথম রোজা বুধবার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র রমজান মাসের রোজা পালন করে আসছেন। সে ধারাবাহিকতায় আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে প্রথম রোজা শুরু হবে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-চন্দনাইশ-আনোয়ারাসহ বিভিন্ন এলাকার অনুসারীরা।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দরবারের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দরবার সূত্রে জানা যায়, মির্জাখীল দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহ জাহাঙ্গীর তাজুল আরেফীন (ক.)–এর প্রদর্শিত পথে সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা; লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বা; বাঁশখালী উপজেলার কালিপুর, জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল ও ডোংরা; আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ ও বরুমচড়া; এবং পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ লক্ষাধিক অনুসারী বুধবার প্রথম রোজা পালন করবেন।

এছাড়া চট্টগ্রামের বোয়ালখালী, চন্দনাইশ, হাটহাজারী, সন্দ্বীপ ও ফটিকছড়ি; বান্দরবানের আলীকদম ও নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, চাঁদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থানরত অনুসারীরাও বুধবার থেকে রোজা পালন করবেন। পাশাপাশি ভারত, পাকিস্তান ও মিয়ানমারসহ বিশ্বের বিভিন্ন দেশেও মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা একই দিনে রোজা পালন করছেন।

রোজা পালনের বিষয়ে দরবারের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান বলেন, আমরা হানাফি মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদিনা শরীফ তথা আরব বিশ্বে চাঁদ উদয়ের খবরের ভিত্তিতে বুধবার থেকে আমাদের প্রথম রোজা শুরু করেছি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top