চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, ড. মোহাম্মদ মুইজ্জু, দাশো শেরিং তোবগেসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এছাড়া প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
পরে একই স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। ১১ দলীয় জোটের সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এর মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়লাভ করেছে। স্থগিত থাকা দুই আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন বলে জানা গেছে। বিএনপির মিত্ররা পেয়েছে আরও তিনটি আসন।
অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যান্য শরিকরা মোট ৯টি আসন পেয়েছে। এর মধ্যে এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়ী হয়েছে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস একটি করে আসনে জয়লাভ করেছে। বাকি সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নতুন সরকারের শপথের মধ্য দিয়ে দেশে নির্বাচিত সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
চাটগাঁ নিউজ/এমকেএন





