চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার পর জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে তাদের শপথ পড়ানো হয়।
প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্য হিসেবে তাদের শপথবাক্য পাঠ করান। পরে একই অনুষ্ঠানে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।
এর আগে বেলা ১১টার দিকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টিতে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফল স্থগিত থাকা দুই আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিক দলগুলো পেয়েছে আরও ৩টি আসন।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকদের মধ্যে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়ী হয়েছে।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে বিজয়ী হয়েছে। বাকি সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। শপথগ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
চাটগাঁ নিউজ/এমকেএন





