ঈদগাঁও প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে উপুর্যুপরি ছুরিকাঘাতে মোস্তফা কামাল (২৬) নামের এক চিংড়িঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ঘেরশ্রমিক সোলাইমান ও তার পিতা শাহানুরকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে স্থানীয় জনতা।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইউনিয়নের সাদাঘোনা নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মোস্তাফা কামাল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ইছাখালী গ্রামের মোকতার আহমদের পুত্র। পেশায় চিংড়ি ঘের ব্যবসায়ী ও ১ সন্তানের জনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন বিকেলে কামাল চিংড়ি ঘের থেকে ফেরার পথে পূর্ব বিরোধের জের ধরে সোলাইমানের নেতৃত্বে ৪/৫ জন যুবক কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতবস্থায় কামালকে প্রথমে ঈদগাঁও ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করে।
একইদিন রাত সাড়ে ৮টার দিকে কামালের মৃত্যুর খবর চাউর হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সোলাইমানের বাড়ি ঘেরাও করে শাহানুর ও তার পুত্র সোলাইমানকে পুলিশের নিকট সোপর্দ করেছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঈদগাঁও থানা পুলিশ।
চাটগাঁ নিউজ/জেএইচ





