রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সৌদি প্রবাসী বিএনপি নেতা ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে দূরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি বন্দুক উদ্ধারের ঘটনায় তাকে জেলহাজতে পাঠানো হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বলে জানান আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী।
তিনি বলেন, সৌদি প্রবাসী ইকবাল সম্প্রতি দেশে ফেরেন এবং রাঙ্গুনিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর পক্ষে ভোট চেয়ে বাড়ি বাড়ি প্রচারণা চালান। ভোটের দুই দিন আগে গভীর রাতে যৌথবাহিনী তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার পুরো ঘর তল্লাশি করেও কোনো অবৈধ কিছু পাওয়া যায়নি।
অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরীর দাবি, ইকবালের বাড়ি থেকে দূরে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক উদ্ধার করা হয় এবং সেটিকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, পরিত্যক্ত অবস্থায় বন্দুকটি যে কেউ সেখানে রাখতে পারে। এর সঙ্গে আমার মক্কেলের কোনো সম্পর্ক নেই। অতীতেও তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নজির নেই। বরং তার উদ্যোগে একাধিক মসজিদ ভবন প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি নিয়মিত দান-অনুদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত।
আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন এবং জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এদিন আদালতে ইকবালের পক্ষে অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরীর পাশাপাশি সিনিয়র অ্যাডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম, অ্যাডভোকেট জামাল উদ্দিন, অ্যাডভোকেট মো. আইয়ুব, অ্যাডভোকেট রাশেদ পারভেজসহ সাতজনের অভিজ্ঞ আইনজীবী মামলা পরিচালনা করেন। তারা জানান, ইকবাল নির্দোষ এবং তার জন্য আইনি লড়াই অব্যাহত থাকবে।
এদিকে, রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও সৌদি প্রবাসী বিএনপি নেতা ইকবাল হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। তার মুক্তির দাবিতে রাঙ্গুনিয়াজুড়ে পোস্টার লাগানো হয়েছে।
এ বিষয়ে উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী এবং ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান রনি বলেন, তাকে ফাঁসানো হয়েছে। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন, অন্যথায় আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





