টেকনাফে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় যৌথ অভিযানে শিশুসহ ১৫ জন নারী ও পুরুষকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ড-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ থানাধীন বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তথ্য ছিল—কুখ্যাত মানবপাচারকারী আব্দুল আলী তার নিজ বাড়ির একটি গুদামঘরে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে আটকে রেখেছে এবং সাগরপথে তাদের মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সমন্বয়ে সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় গুদামঘর থেকে শিশুসহ মোট ১৫ জনকে উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র উন্নত জীবন, বেশি বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

উদ্ধারকৃতদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট বাহিনী জানিয়েছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top