চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরী এলাকায় চার কন্যা সন্তানের জননীকে হত্যা করেছে স্বামী। নিহত নারী সালমা আক্তার (৩৫) বাকপ্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তাকে হত্যা করে সকালে সে পালিয়ে গেছে বলে জানায় স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, প্রায় পাঁচ বছর আগে নুরুল হুদা নামের এক ব্যক্তি তাকে এলাকায় নিয়ে আসেন। তবে তার আগের পরিচয় সম্পর্কে কেউ স্পষ্ট তথ্য দিতে পারেননি।
স্থানীয়রা জানায়, পাষণ্ড স্বামী নুরুল হুদা ইতিমধ্যে তার ২ শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছে। বড় মেয়ে নুর জাহান (৪) দাদীর সাথে থাকে। তাকেও সে অনেকবার বিক্রি করার চেষ্টা করছিলো। কিন্তু পরিবারের সদস্য ও এলাকাবাসীর বাধার মুখে সেটা করতে পারেনি। ইতিমধ্যে সে তার ১২দিন বয়সী কন্যা শিশুটিও বিক্রি করতে চেয়েছিল এবং বাচ্চা ডেলিভারির পরও স্ত্রীকে বেশ কয়েকবার মারধর করে।
খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে জানতে পারি স্ত্রীকে হত্যার পর গোপনে দাফনের প্রস্তুতির চলছে, আমরা এই তথ্য পেয়ে দ্রুত অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করি। ঘটনার পর থেকেই অভিযুক্ত নুরুল হুদা পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, সম্প্রতি চুরির অভিযোগে স্থানীয়রা নুরুল হুদাকে আটক করে মারধর করে বেঁধে রেখেছিল বলেও জানা গেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






