চট্টগ্রামে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে: জেলা প্রশাসক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে ‘সার্থক’ আখ্যা দিয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারের লক্ষ্য ছিল দেশবাসীকে ‘ইতিহাসের সেরা নির্বাচন’ উপহার দেওয়া। সেই লক্ষ্য সামনে রেখে চট্টগ্রামে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভোটকেন্দ্রে দীর্ঘ লাইনের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে জেলা প্রশাসক বলেন, এবার দুটি ব্যালটে ভোট নেওয়া হয়েছে। পাশাপাশি বোরকা পরিহিত নারী ভোটারদের পরিচয় যাচাইয়ে অতিরিক্ত সময় লাগায় কিছু কেন্দ্রে অপেক্ষার সময় বেড়েছে। তবে এতে ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি; তারা উৎসাহের সঙ্গেই ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি স্বীকার করেন, সম্পূর্ণ নতুন একটি ব্যবস্থাপনায় নির্বাচন আয়োজন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। দায়িত্বপ্রাপ্ত অনেক কর্মকর্তা এ অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও স্থানীয় জনপরিচিতির সঙ্গে পূর্বে পরিচিত ছিলেন না। তবুও রাষ্ট্রের স্বার্থ ও ভবিষ্যতের নিরাপদ বাংলাদেশের কথা বিবেচনায় নিয়ে নির্বাচনকে ‘ইমেজের প্রশ্ন’ হিসেবে গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে।

জেলা প্রশাসকের দাবি, অতীতের সমালোচনা কাটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হয়নি। অভিজ্ঞতার ঘাটতি থাকা সত্ত্বেও প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়।

তিনি আরও বলেন, কর্মকর্তাদের আরও বিস্তৃত প্রশিক্ষণের সুযোগ থাকলে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করা যেত। সব মিলিয়ে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রামে সফলভাবে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top