বান্দরবানে ৭০ বছরের বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন শিবাতলী এলাকায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রহিমা বেগম স্থানীয় বাসিন্দা আবু তালের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

নিহতের ছেলে নুরুল আমিন বলেন, আমার মায়ের বয়স ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। এ বয়সে তাঁকে এমন নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী ও সতীনকে ফাঁসানোর উদ্দেশ্যে মেজো ছেলের প্রথম স্ত্রী দা দিয়ে রহিমা বেগমকে গলা কেটে হত্যা করে থাকতে পারেন। সন্দেহভাজন দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে ২ নম্বর চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের মোবাইলে কয়েকবার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top