চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বিবিরহাট কাঁচাবাজারের ১ নং গলিতে শুক্রবার রাত সাড়ে ১২টায় এক বৃদ্ধের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও আজ শনিবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়লে, সেটি ব্যাপক ভাইলাল হয়।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গলায় ব্যাগ ঝুলিয়ে ১ নং গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন অজ্ঞাত এক বৃদ্ধ। তার সামনে থেকে এগিয়ে আসেন দুই ব্যক্তি। তাদের পেছনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা।
হঠাৎ বৃদ্ধের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা ব্যাগটি টেনে নিয়ে অটোরিকশায় উঠে পালিয়ে যান। ব্যাগ হারিয়ে তাদের পেছনে ছুটলেন বৃদ্ধ। মাত্র ১২ সেকেন্ডের মধ্যে ঘটে এ ঘটনা। ফেসবুকে ‘যোদ্ধা’ নামের একটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়।
কিন্তু আজ শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত ভুক্তভোগী বৃদ্ধের পরিচয় জানতে পারেনি পুলিশ। তার ব্যাগে কী ছিল, তাও জানা যায়নি। তবে ভিডিওটি দেখে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়েছে বলে জানিয়েছে পাঁচলাইশ থানার কর্তব্যরত কর্মকর্তা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ভুক্তভোগী বৃদ্ধ ও ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি।
চাটগাঁ নিউজ/জেএইচ






