ঘরের বিমে ঝুলছিল বাবার মরদেহ, খাটের পাশে যমজ দুই মেয়ের লাশ

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে মো. জাহেদ হোসেন (৫০) ও তাঁর সাত মাসের যমজ দুই কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে।

সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত বদিউল আলমের ছেলে জাহেদের লাশ ঝুলন্ত অবস্থায় এবং শিশু দুটির লাশ একই কক্ষের খাটের পাশে পাওয়া যায়। নিহত শিশু দুটি হলো, জারিন ও জাসিয়া।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহেদের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক বলেন, জাহেদের বাড়ি উপজেলার চাম্বল গ্রামে। তবে গত দেড় বছর ধরে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ মাস আগে পারিবারিক সম্মতিতে পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের (২৫) সঙ্গে জাহেদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম তিন মাস তাঁরা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেন। পরে স্ত্রীকে নিয়ে আফিয়ার বাবার বাড়িতে থাকতে শুরু করেন জাহেদ।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। কক্ষটির দরজা ভেতর থেকে হুক লাগানো থাকায় বেড়া কেটে ভেতরে প্রবেশ করেন তাঁরা। এ সময় ঝুলন্ত অবস্থায় জাহেদ এবং খাটের পাশে দুই শিশুর লাশ দেখতে পান। পরে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মামুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে শাশুড়ির কাছে দুই লাখ টাকা পাওনার কথা লেখা রয়েছে। চিরকুটটি জাহেদের লেখা কি-না, তা যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একই বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ ও দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

চাটগাঁ নিউজ/জসিম/এসএ

Scroll to Top