শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা পৌঁছে দিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রথমে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর রাতের দিকে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর বাসায় যাওয়ার কথা রয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয়েছে।

এর আগে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখার সময় তারেক রহমান সতর্ক করেছেন যে, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে কোথাও কোথাও ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তবে তিনি সবাইকে সতর্ক করেছেন, এসব বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়।

তারেক রহমান বলেন, নির্বাচনে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সময় কোথাও কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে। এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানাই।

তিনি আরও উল্লেখ করেন যে, একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভিন্ন দল ও ভিন্নমতের সকলের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২১২ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। নির্বাচনে জামায়াত ইসলামী ৬৮ আসন এবং জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের দল এনসিপি ছয়টি আসনে জয় লাভ করেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top