বাতিল ভোটের চেয়েও কম পেয়ে জামানত হারালেন আমজনতার তারেক

চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১২ আসনে ভরাডুবি হয়েছে আলোচিত রাজনৈতিক দল ‘আমজনতা দল’-এর। দলটির সদস্য সচিব ও প্রজাপতি প্রতীকের প্রার্থী মো. তারেক রহমান বেসরকারি ফলাফল অত্যন্ত শোচনীয়। প্রাপ্ত ভোট অনুযায়ী, তিনি বাতিল হওয়া ভোটের চেয়েও কম ভোট পেয়ে নিজের জামানত হারিয়েছেন।

‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল আলম। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট।

‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বিএনপি জোট সমর্থিত প্রার্থী সাইফুল হক। কোদাল প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব (২৯,৮৬৯ ভোট)।

আর আমজনতা দলের প্রার্থী মো. তারেক রহমান প্রজাপতি প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ৪৪ ভোট।

‎নির্বাচন কমিশনের তথ্যমতে, ঢাকা-১২ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি। ভোট দেওয়ার হার ছিল ৩৭ দশমিক ৪২ শতাংশ।

‎এদিকে, এই নির্বাচনি এলাকায় বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৪৪৪টি। অর্থাৎ, জনগণের সরাসরি ভোটের চেয়ে বাতিল হওয়া ভোটের পরিমাণও তারেকের প্রাপ্ত ভোটের দ্বিগুণের বেশি।

‎নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে ওই নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (১২.৫%) ভোট পেতে হয়। ঢাকা-১২ আসনে সেই লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১৫ হাজার ২৮৪ ভোট। কিন্তু তারেক রহমান পেয়েছেন মাত্র ১ হাজার ৪৪ ভোট। ফলে বিধি অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

উল্লেখ্য, নির্বাচনের আগে নিবন্ধন পাওয়ার দাবিতে আমরণ অনশন করে আলোচনায় আসেন আমজনতার তারেক।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top