আকবর শাহে ভোট দিতে যাওয়ার পথে ছুরিকাঘাতে আহত ভোটার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার হুজিপাড়া এলাকায় ছুরিকাঘাতে মো. নুরুল আফসার (৪৫) নামের এক ভোটার আহত হয়েছেন। তিনি ভোট দেওয়ার জন্য হাজী দাউদ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিলেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হাজী দাউদ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ঘটনা ঘটে। আহত নুরুল আফসার বশির মোহাম্মদ বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রের সামনে নুরুল আফসারের এবং ইমন নামের এক প্রতিবেশীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ইমন নুরুল আফসারের ওপর ছুরি চালান।

স্থানীয়রা আহত নুরুল আফসারকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানিয়েছেন, এটি চাচা-ভাতিজার ব্যক্তিগত দ্বন্দ্বের ঘটনা। ভোটকেন্দ্র থেকে দূরে এই ঘটনা ঘটেছে এবং এটি ভোট সংক্রান্ত কোনো সংঘর্ষ নয়। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top