ভোটের মাধ্যমে ফিরে আসছে জনগণের অধিকার: আমীর খসরু

চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই নির্বাচন তাদের জন্য বিশেষ গুরুত্ববহ। কারণ, দীর্ঘ ১৭–১৮ বছর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি উল্লেখ করেন, দেশের গণতন্ত্রের জন্য অনেকেই নিজের জীবন উৎসর্গ করেছেন—অনেককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কেউ পুলিশ হেফাজতে নিহত হয়েছেন, আবার কেউ জেলখানায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটপ্রদানের পর উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজকের এই ভোটের পেছনে অসংখ্য মানুষের ত্যাগ রয়েছে। কেউ জীবন দিয়েছেন, কেউ ব্যবসা বা চাকরি হারিয়েছেন। আমরা তাদের সবাইকে স্মরণ করি এবং গভীর শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, আমরা শ্রদ্ধা জানাই গণতন্ত্রকামী মানুষের প্রতি যারা রাজপথে নেমে নিজেদের অধিকার আদায় করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়াই করেছেন। তারেক রহমান দীর্ঘ সময় আন্দোলনের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করেন, এই ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ আবার তাদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরে পাচ্ছে। তারা স্বাধীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং সরকার জনগণের প্রতি দায়বদ্ধ হবে।

তিনি বলেন, আমি আজ ভোটকেন্দ্রে কোথাও পক্ষপাতমূলক কিছু দেখিনি। নির্বাচন সুষ্ঠুভাবে চলছে। জনগণ গণতন্ত্র ফিরে আসছে তা অনুভব করছে।

আমীর খসরু আরও জানান, দেশের ক্রান্তিকালীন সময়ে জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছে এবং এবারের নির্বাচনে সেটিই দৃশ্যমান। তিনি বলেন, “জনগণ আশা রাখে বিএনপি সরকার গঠন করে দেশকে এগিয়ে নেবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ জনগণ দিতে চায়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top