আনোয়ারায় ভোটকেন্দ্রে মোমবাতি সমর্থককে মারধরের অভিযোগ

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের গুন্দীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোমবাতি প্রতীকের সমর্থক জহিরুল ইসলাম হেলালের ওপর হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সময়ে ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেন্দ্রের আশেপাশে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

মোমবাতি প্রতীকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে তাদের সমর্থকের ওপর হামলা চালানো হয়েছে। তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত আছে। প্রশাসন এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top