বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে পশ্চিম শাকপুরা কাজী বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাজেদিয়া আমেনিয়া দাখিল মাদ্রাসা, হাজি মো. নুরুল হক ডিগ্রি কলেজ, মীরপাড়া হাজি হামিদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, খরনদ্বীপ ইমদাদুল উলুম মাদ্রাসা এবং হাওলা কুতুবিয়া মাদ্রাসা ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে— বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের ভিড়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।
এনসিপি মনোনীত প্রার্থী জোবাইরুল হাসান আরিফ বলেন, নতুন ভোটাররা স্লিপ নিয়ে ভোটকেন্দ্রে গেলে ভোটগ্রহণ কর্মকর্তারা জানাচ্ছেন, তাদের নাম নাকি তালিকায় নেই। ১৭ বছর পর স্বৈরাচার পতনের পর এখানে একটি চমৎকার নির্বাচন হচ্ছে। হার-জিত কোনো বিষয় নয়, নির্বাচন হচ্ছে— এটিই বড় ঘটনা।
তিনি আরও অভিযোগ করেন, কোথাও কোথাও টাকা দিয়ে ভোট কেনার ঘটনা ঘটছে।
জামায়াত মনোনীত প্রার্থী ডা. আবু নাছের বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে এবং ঈদের আনন্দের মতো উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে।
সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই খুব শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
বোয়ালখালী নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী অংশ) মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ৪৭৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৬ হাজার ৭১২ জন। এই আসনে মোট ভোটকেন্দ্র ৮২টি এবং ভোটকক্ষ ৪১৬টি।
পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন মোট ২ হাজার ৭৯৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৪৩৩ জন এবং নারী ভোটার ৩৬৩ জন। সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন ২ লাখ ২০ হাজার ৩৯৪ জন ভোটার।
চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপি মনোনীত এরশাদ উল্লাহ (ধানের শীষ), জামায়াত সমর্থিত ডা. আবু নাছের (দাঁড়িপাল্লা), মো. জোবাইরুল হাসান আরিফ (শাপলা কলি), সৈয়দ মোহাম্মদ হাসান (মোমবাতি), মোহাম্মদ নুরুল আলম (হাতপাখা), মোহাম্মদ এমদাদুল হক (আপেল)সহ অন্যান্যরা।
চাটগাঁ নিউজ/এমকেএন






