ভোটাধিকার প্রয়োগ করলেন তারেক রহমান

চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দ্বিতীয় তলার একটি বুথে তিনি ভোট দেন। এই কেন্দ্রেই দিনের প্রথম ভোটার ছিলেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।

সারা দেশ থেকে গত রাতে পাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে সেসব পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, যা তার কাছে আশাব্যঞ্জক বলে মনে হয়েছে।

ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষপর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, মানুষ যদি সারাদিন ভোটকেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করেন, তাহলে ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব হবে।

নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে বিএনপির চেয়ারম্যান দৃঢ়তার সঙ্গে বলেন, আমি ও আমার দল বিএনপির জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা জানান। তার ভাষায়, সাধারণ মানুষ যাতে দেশে নিরাপদ বোধ করেন, সেটিই হবে আমাদের প্রধান লক্ষ্য।

নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনি ইশতেহার অনুযায়ী নারীর যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়নের কাজ প্রথম দিন থেকেই শুরু করা হবে।

এ সময়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও স্থিতিশীল আগামীর প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top