চাকরির দাবিতে কেইপিজেডে বিক্ষোভ, কর্তৃপক্ষের আশ্বাসে প্রত্যাহার

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বেকার যুবকেরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টা থেকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় কেইপিজেডের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ বৈঠক ও নিয়োগের আশ্বাসে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রত্যাহার করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয়দের সহযোগিতায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আনোয়ারা ও কর্ণফুলীর শিক্ষিত বেকার যুবকদের বঞ্চিত করে বাইরের জেলা থেকে কর্মী নেওয়া হচ্ছে। সম্প্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের প্রচারণাকে কেন্দ্র করে এ ক্ষোভের সৃষ্টি হয়। এর আগে গত রোববার (২২ নভেম্বর) রাতেও স্থানীয়রা এ বিষয়ে প্রতিবাদ সভা করেছিলেন।

বিক্ষোভকারীদের প্রতিনিধি মো. নাজিম উদ্দীন জানান, নিয়োগ-বাণিজ্য বন্ধ এবং স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়ার দাবিতে তারা জড়ো হয়েছিলেন। সকাল নয়টার দিকে কেইপিজেড ও সিপিপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায় ২০ মিনিটের বৈঠক হয়। বৈঠকে অভিজ্ঞতাহীন যোগ্য স্থানীয় প্রার্থী এবং এলাকার নারীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এ বিষয়ে কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান জানান, কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্য রাঙামাটিতে নারী শ্রমিক খোঁজার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। বর্তমানে কেইপিজেডে কর্মরত ৪০ হাজার শ্রমিকের ৯০ শতাংশই স্থানীয়। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে।

কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান জানান, বিক্ষোভকারীরা মূল ফটকের সামনে অবস্থান নেওয়ায় সড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি এবং শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সমাপ্ত হয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top