রাঙ্গুনিয়ার অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা জোরদার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার মোট ৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫টি ঝুঁকিপূর্ণ এবং ৭টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অর্থাৎ উপজেলার প্রায় অর্ধেক ভোটকেন্দ্রই ঝুঁকির মধ্যে রয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এ মূল্যায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভৌগোলিক দুর্গমতা, পূর্বের সহিংসতার ইতিহাস এবং চলমান রাজনৈতিক উত্তেজনা বিবেচনায় এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।

জানা গেছে, রাঙ্গুনিয়ায় এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার দুটি থানার অধীনে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৯২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ১৯ হাজার।

নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৯২ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৬১০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ১ হাজার ২২০ জন পোলিং কর্মকর্তা। এর বাইরে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবের মোবাইল টিম মাঠে টহল দেবে। পাশাপাশি ভ্রাম্যমাণ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের তুলনায় দ্বিগুণ পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রশাসনের নজরদারি জোরদার করতে কেন্দ্রগুলোর পাশাপাশি আশপাশের এলাকাতেও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজানগর, ইসলামপুর, কোদালা ও পদুয়া ইউনিয়নের পাহাড়ি ও দুর্গম এলাকাগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— কোদালা ইউনিয়নের কোদালা উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সন্দ্বীপাড়া হাজী রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পদুয়া ইউনিয়নের সারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পশ্চিম খুরুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন দ্বারিকোপ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সুখবিলাস উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সরফভাটা ইউনিয়নের সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাঙ্গুনিয়ায় ইতোমধ্যে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী বিভিন্ন ইউনিয়নে নিয়মিত টহল দিচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দ্বিগুণ পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবের মোবাইল টিম সার্বক্ষণিক টহলে থাকবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top