চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটগ্রহণের আগের দিন চট্টগ্রাম মহানগরীতে প্রধান সড়কগুলো অনেকটাই ফাঁকা দেখা গেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত নগরের প্রধান সড়কগুলোতে যানবাহনের চলাচল ছিল খুবই সীমিত। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়েনি।
সকাল থেকেই নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তারা নিরাপত্তা তদারকি কার্যক্রম চালাচ্ছেন।
নির্বাচন উপলক্ষে বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এর ফলে বন্দরকেন্দ্রিক ট্রাক ও ভারী যানবাহনের চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়।
নগরের ব্যস্ততম এলাকা বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি মোড়, চকবাজার, জামাল খান, আন্দরকিল্লা, গণি বেকারি মোড়, কাজীর দেউড়ি, লাভলেইন, কোতোয়ালী মোড় ও নিউ মার্কেট ঘুরে দেখা গেছে— সড়কে যানবাহনের সংখ্যা হাতে গোনা। চলাচল করছে মূলত রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা। সীমিত সংখ্যক গণপরিবহনও দেখা গেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া জানান, নির্বাচনকে কেন্দ্র করে চারদিনব্যাপী বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম আগে থেকেই মাঠে সক্রিয় রয়েছে। পাশাপাশি রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






