চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ উপজেলায় সাড়ে ১০ লাখ টাকা ও একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার আব্দুল বারিহাট এলাকা থেকে এসব জব্দ করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চন্দনাইশ পৌরসভার আব্দুল বারিহাট এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টহল দল একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। তারা দাবি করেন, ওই টাকা চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর পোলিং এজেন্টদের জন্য বহন করা হচ্ছিল।
তল্লাশির সময় মাইক্রোবাসটির চালক গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। জানা গেছে, গাড়িটি রিকুইজিশন স্লিপের মাধ্যমে নেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়নি।
এর আগে টাকা জব্দের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি টাকা গুনছেন এবং তাকে ঘিরে রয়েছেন সেনা সদস্যরা। ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’ বলে পরিচয় দেন।
উল্লেখ্য, মিজানুল হক চৌধুরী চট্টগ্রাম-১৪ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সেনাবাহিনী টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তার নির্দেশে এসব থানায় জমা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব হোসেন বলেন, মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাস থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকা জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






