আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে চুরি হলো সিসিটিভি ক্যামেরা

আনোয়ারা প্রতিনিধি: ভোটের একদিন আগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রটিতে আগেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তবে গভীর রাতে দুর্বৃত্তরা ক্যামেরা দুটি খুলে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।

ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির এক দায়িত্বশীল ব্যক্তি বলেন, ভোটের ঠিক আগের রাতে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কেন্দ্র-সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটের পরিবেশ স্বচ্ছ রাখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তবে কে বা কারা ক্যামেরা দুটি সরিয়ে নিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবারের মধ্যেই নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নির্বাচনের আগমুহূর্তে এ ঘটনায় ভোটারদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top