চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
উপাচার্য বলেন, তিনি একটি বিশেষ ও সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সে সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম কার্যত স্থবির ছিল, আবাসিক হলগুলো অস্থিতিশীল অবস্থায় ছিল এবং প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল। প্রায় দেড় বছর পর বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ও ইতিবাচক ধারায় ফিরে এসেছে।

তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই উপযুক্ত মনে করছেন তিনি, যাতে পরবর্তী রাজনৈতিক সরকার তাদের মতো করে প্রশাসন পুনর্গঠন করতে পারে। তবে হঠাৎ করে কোনো শূন্যতা বা ধারাবাহিকতায় ব্যাঘাত সৃষ্টি না করতে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনরা চাইলে কিছু সময় দায়িত্বে থাকতে তিনি প্রস্তুত আছেন।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, নির্বাচনের পর একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবে এবং সে ক্ষেত্রে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রয়োজনে পরামর্শ বা সহায়তা দিতে তিনি সবসময় প্রস্তুত থাকবেন বলেও জানান।
তিনি আরও বলেন, বর্তমানে তিনি ডেপুটেশনে আছেন এবং ডেপুটেশন থেকে অব্যাহতি নিয়ে নিজের মূল দায়িত্ব—শিক্ষকতায় ফিরে যেতে চান। পাশাপাশি কিছুদিন বিশ্রামের প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
উপাচার্যের ভাষায়, তিনি পদত্যাগ করে হঠাৎ চলে যাচ্ছেন না; বরং একটি সুশৃঙ্খল ও ধারাবাহিক রূপান্তরের সুযোগ সৃষ্টি করছেন, যাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকে।
এ বিষয়ে তিনি মহামান্য আচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করবেন বলেও জানান।
চাটগাঁ নিউজ/এমকেএন






