চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বাংলাদেশের জনগণের মালিকানা পুনরুদ্ধারের ‘মাহেন্দ্রক্ষণ’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠায় বিএনপি আপসহীনভাবে কাজ করবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি বিএনপির নির্বাচনী অঙ্গীকার, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরেন।
শহীদদের স্মরণ ও আন্দোলনের প্রেক্ষাপট
ভাষণের শুরুতে তারেক রহমান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান এবং গত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ১৪ শতাধিক মানুষ শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।
তার ভাষায়, শহীদদের স্বপ্নের একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য।
১ কোটি কর্মসংস্থান ও বেকার ভাতা
তরুণদের উদ্দেশে বড় ঘোষণা দিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে আগামী পাঁচ বছরে দেশে ও বিদেশে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তথ্যপ্রযুক্তি খাত, ফ্রিল্যান্সিং এবং কুটির শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া স্নাতক ডিগ্রিধারী শিক্ষিত বেকারদের জন্য চাকরি না পাওয়া পর্যন্ত ৬ মাস থেকে ১ বছর মেয়াদি বিশেষ আর্থিক ভাতা প্রদানের ঘোষণাও দেন তিনি।
নারীর ক্ষমতায়ন ও ‘ফ্যামিলি কার্ড’
নারীদের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রতিটি নিম্ন আয়ের পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে মাসিক আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা দেওয়া হবে।
কর্মজীবী নারীদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষায়িত ইলেকট্রিক পরিবহন ব্যবস্থার পরিকল্পনার কথাও জানান তিনি।
কৃষক ও শ্রমিকদের জন্য ‘ফার্মার্স কার্ড’
কৃষকদের স্বার্থ রক্ষায় বিএনপি ‘ফার্মার্স কার্ড’ চালু করবে জানিয়ে তিনি বলেন, কৃষকদের সরাসরি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ পুনর্বহালের ঘোষণা
ধর্মীয় মূল্যবোধ প্রসঙ্গে তারেক রহমান বলেন, সংবিধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংযোজিত ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনরায় অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় আর্থিক সম্মানি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
প্রশাসন ও প্রবাসীদের জন্য উদ্যোগ
প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়োপযোগী নতুন পে-স্কেল ঘোষণা করা হবে।
প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দেন তারেক রহমান। এর মাধ্যমে বিমানবন্দরে হয়রানি বন্ধসহ বিনিয়োগে বিশেষ সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।
অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ
বক্তব্যের এক পর্যায়ে বিএনপির অতীতের অনিচ্ছাকৃত ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করা হবে। দুর্নীতির বিরুদ্ধে বিএনপি সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।
ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
ভাষণের শেষাংশে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। তরুণদের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে। প্রার্থীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকার জনগণের দায়িত্ব নেবে।
ভাষণের শেষে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ স্লোগান দিয়ে দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





