চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকাররত অবস্থায় একটি ফিশিং ট্রলিংয়ের ধাক্কায় আরেকটি ট্রলার ডুবে আক্তার আলম বাদশা (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও আরেক জেলে নিখোঁজ রয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিহত জেলে আক্তার আলম বাদশার মরদেহ উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাকে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
নিহত আক্তার আলম বাদশা কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের নয়াকাটা গ্রামের বাসিন্দা। অপরদিকে নিখোঁজ জেলের নাম জিয়াবুল মোহাম্মদ হোসেন।
ট্রলার মালিক নাসির উদ্দিন জানান, তার মালিকানাধীন এফবি নুরুন নাহার-১ নামের ট্রলারটি গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ১৫ জন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। রবিবার দুপুরের দিকে জেলেরা জাল তোলার সময় দ্রুতগতির এফবি হার্টি নামের একটি ফিশিং ট্রলার এসে তাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ভেঙ্গে যায়। সাগরে ডুবে মৃত্যু হয় এক জেলের।
ট্রলারের মাঝি মো. শরীফ বলেন, ‘ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ট্রলারটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং জেলেরা সবাই সাগরে ছিটকে পড়েন। আমরা ভাসতে থাকি। পরে অন্য ট্রলারের সহায়তায় ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে আক্তার আলম বাদশাকে উদ্ধার করা হলে তিনি মৃত ছিলেন। আর জিয়াবুল মোহাম্মদ হোসেন এখনো নিখোঁজ।’
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, সাগরে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলিংয়ের ধাক্কায় ট্রলার ডুবে গিয়ে এক জেলে নিহত হয়েছেন। উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ‘উদ্ধার হওয়া জেলেদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি নিখোঁজ জেলের সন্ধান চলছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





