ভারতের রাজধানী দিল্লির ৯ স্কুলে বোমা হামলার হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ই-মেইল ও ফোনকলের মাধ্যমে এসব হুমকি পাঠানো হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বেধে দেওয়া সময়ে বোমা হামলার ঘটনা ঘটেনি।

হুমকি বার্তায় উল্লেখ করা হয়, সোমবার দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটানো হবে। দিল্লি পুলিশ জানিয়েছে, সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টার মধ্যে এসব হুমকি বার্তা বিভিন্ন স্কুলে পৌঁছায়। হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনী এমার্জেন্সি প্রটোকল চালু করে।

পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্কুল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা তল্লাশি শুরু করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক স্কুল থেকে শিক্ষার্থী ও স্টাফদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি কয়েকটি স্কুলে সাময়িকভাবে ক্লাস বাতিল করা হয়।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, হুমকি পাওয়া সব স্কুলে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। তবে পরিস্থিতি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।

পুলিশ সূত্র জানায়, হুমকি ই-মেইলগুলোতে উসকানিমূলক ও চরমপন্থী ভাষা ব্যবহার করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ‘দিল্লি খালিস্তানে পরিণত হবে।’

ই-মেইলে খালিস্তান ন্যাশনাল আর্মি-র নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভারতের আলোচিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আফজাল গুরুর নামও বার্তায় উল্লেখ ছিল বলে নিশ্চিত করেছে দিল্লি পুলিশ।

শুধু তাই নয়, ই-মেইলে আরও ভয়াবহ হুমকি দিয়ে বলা হয়েছে— আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতীয় সংসদ ভবনে বিস্ফোরণ ঘটানো হবে। এ ধরনের হুমকিকে কেন্দ্র করে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

এই ঘটনার প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে এমন সময় এই হুমকি এলো, যখন বেলুচিস্তান ইস্যু নিয়ে অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং ভারত–পাকিস্তানের মধ্যে কথার লড়াই তীব্র আকার ধারণ করেছে।

নিরাপত্তা সংস্থাগুলো বলছে, হুমকি সত্যি নাকি উদ্দেশ্যপ্রণোদিত আতঙ্ক সৃষ্টির চেষ্টা— তা খতিয়ে দেখা হচ্ছে। ই-মেইল ও ফোনকলের উৎস শনাক্তে সাইবার ইউনিট ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে।

এদিকে সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা অনেক স্কুলে ভিড় করেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার আশ্বাস দিয়েছে দিল্লি পুলিশ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top