নাহিদ ‘ডোমিনিকার নাগরিক’ অভিযোগে প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

চাটগাঁ নিউজ ডেস্ক: দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ঢাকা-১১ আসনে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ এ রিট করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দায়ের করা রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, মো. নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। সংবিধান ও নির্বাচন আইনের বিধান অনুযায়ী তিনি প্রার্থী হওয়ার যোগ্য নন—এমন দাবি করা হয় আবেদনে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এলাকার ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ সংসদীয় আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন এবং নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top