জাতীয় নির্বাচন: যানবাহন চলাচলে সিএমপির নিষেধাজ্ঞা

চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রোববার (৯ ফেব্রুয়ারি) সিএমপি সদর দপ্তর থেকে কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী যানবাহন এবং সংবাদপত্র পরিবহনে ব্যবহৃত যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের টিকিট বা সমজাতীয় প্রমাণ দেখাতে পারলে যান চলাচলের সুযোগ থাকবে। পাশাপাশি দূরপাল্লার যাত্রীবাহী যান ও আন্তঃজেলা যাতায়াতেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও নির্ধারিত স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একটি এবং তাঁর নির্বাচনী এজেন্ট একটি ছোট আকারের যানবাহন ব্যবহার করতে পারবেন। নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন থাকলে সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিদের যানবাহন এবং মোটরসাইকেল চলাচল করতে পারবে।

এ ছাড়া নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যানবাহনও এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।

জাতীয় মহাসড়ক, বন্দর সংশ্লিষ্ট সড়ক এবং আন্তঃজেলা যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সিএমপি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top