ইসরায়েলি গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন ‘এপস্টেইন’
এফবিআইয়ের নথির তথ্য

আন্তর্জাতিক ডেস্ক: কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ দিয়েছিল ইসরায়েল। এ কাজের সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন এহুদ বারাক। মার্কিন বিচার বিভাগ সম্প্রতি যেসব নথি প্রকাশ করেছে সেগুলোর মধ্যে এফবিআইয়েরও একটি নথি আছে। ওই নথিতে এপস্টেইনের গুপ্তরবৃত্তির প্রশিক্ষণের তথ্য আছে।

এফবিআইয়ের নথিটি ২০২০ সালের। যেটি গোপন সূত্রের প্রতিবেদন হিসেবে চিহ্নিত। এতে মার্কিন নির্বাচনী প্রক্রিয়ায় অভ্যন্তরীণ বা বিদেশি প্রভাবের পাশাপাশি বেশকিছু চাঞ্চল্যকর তথ্য আছে। গোপন সূত্রটি এপস্টেইন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক অ্যালান ডারশোভিৎজের মধ্যকার টেলিফোন আলাপ রেকর্ড করেছিল। ওই ফোনালাপের বিস্তারিত তথ্য পরে ইসরায়েলি বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাঠানো হয়েছিল।

প্রতিবেদনে গোপন সূত্রটি দাবি করে, এপস্টেইন সম্পর্কে অনেক কথোপকথন শোনার পর তারা নিশ্চিত হন, এপস্টেইন একজন মোসাদ এজেন্ট ছিলেন। এ ছাড়া, অধ্যাপক ডারশোভিৎজও এক মার্কিন অ্যাটর্নিকে বলেছিলেন, এপস্টেইন যুক্তরাষ্ট্র ও মিত্র উভয় দেশের পক্ষের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। নামহীন ওই গোপন সূত্রটি দাবি করেছে, ডারশোভিৎজ নিজেও মোসাদ দ্বারা প্রভাবিত বা তাদের পক্ষে কাজ করতেন।

ডারশোভিৎজ তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিতর্কিত। তিনি নেতানিয়াহুর দীর্ঘদিনের বন্ধু ও উপদেষ্টা। এ ছাড়া, তিনি জেফরি এপস্টেইন, ডোনাল্ড ট্রাম্প ও হার্ভে ওয়েইনস্টাইনের মতো প্রভাবশালী ব্যক্তিদের আইনি লড়াইয়ে সহায়তা করতেন।

সম্প্রতি প্রকাশিত আরও কিছু নথি থেকে জানা গেছে, এপস্টেইন ও এহুদ বারাকের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। বারাক ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। এপস্টেইন সাবেক ব্রিটিশ মন্ত্রী ও লেবার পার্টির নেতা পিটার ম্যান্ডেলসনকে একটি জ্বালানি কোম্পানিতে কাজ পাইয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দেওয়া বড় অংকের কনসালটেন্সি ফি নিয়েও বারাকের সঙ্গে এপস্টেইনের আলাপ হয়েছিল।

শুক্রবার বেনিয়ামিন নেতানিয়াহু এক্সে দেওয়া পোস্টে লিখেন, জেফরি এপস্টেইনের সঙ্গে এহুদ বারাকের ঘনিষ্ঠতা এটি প্রমাণ করে না যে, এপস্টেইন ইসরায়েলের হয়ে কাজ করতেন। বরং এটি উল্টোটা প্রমাণ করে।

নেতানিয়াহু লিখেন, বারাক বছরের পর বছর ধরে ইসরায়েলের নির্বাচিত সরকারকে হঠানোর ব্যর্থ চেষ্টা করেছেন। কট্টর জায়নবাদবিরোধী বামপন্থীদের সঙ্গে মিলে দেশের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করেছেন। তিনি প্রকাশ্যে ও পর্দার আড়ালে ইসরায়েলের সরকারের ক্ষতি করার মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top