সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজন আগ্নেয়াস্ত্র কারিগরকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ–২-এর আওতায় এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে সন্দ্বীপ থানাধীন আমানউল্লাহ বেড়িবাঁধের ইটভাটা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ সময় দুইজন আগ্নেয়াস্ত্র কারিগরকে আটক করা হয়। আটককৃতরা হলেন— আমানউল্লাহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মাঈন উদ্দিনের ছেলে মো. রাসেদ (৪০) এবং রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আকবর (৪৩)। তাদের আমানউল্লাহ বেড়িবাঁধের ব্রিকফিল্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে অস্ত্র সরবরাহ করে সহযোগিতা করে আসছিল।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন





