চাটগাঁ নিউজ ডেস্ক: প্রয়াত মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলমের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে এই প্রথম দিনব্যাপী আইন মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং আইন ও ন্যায়বিচার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ও সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) যৌথ উদ্যোগে বুধবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ আইন মেলায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেন মানবাধিকার সংশ্লিষ্ট একাধিক আইনজীবী। দিনব্যাপী কার্যক্রমে সাধারণ মানুষের নানা আইনি সমস্যার বিষয়ে বিনামূল্যে পরামর্শ প্রদান করা হয়।
মেলায় আইনি সহায়তা দেন বিএইচআরএফ-এর সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, ট্রাস্টি বোর্ড সদস্য ও চট্টগ্রাম মহানগর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট এইচ এম জসিম উদ্দিন, চকবাজার শাখার সভাপতি অ্যাডভোকেট জান্নাতুল নাঈম রুমানা, বাঘাইছড়ি শাখার সভাপতি অ্যাডভোকেট হাসান আলী, সেনবাগ থানা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট বদরুল হাসান, প্যানেল আইনজীবী অ্যাডভোকেট রুমানা ইয়াসমিন সোমা, বায়েজিদ থানা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট কাশিফ মাহফুজ শান্তনু চৌধুরী এবং রাউজান জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট খুশনুদ রাইসা উশিকা।
এছাড়াও ভূমি জরিপ ও পরিমাপ আইন বিষয়ে বিশেষজ্ঞ আইনজীবী হাসান আল বান্না অংশগ্রহণকারীদের আইনি পরামর্শ দেন। তাঁর সঙ্গে সহযোগিতায় ছিলেন মানবাধিকার ও সুশাসনকর্মী রিদওয়ানুল করিম নাবিল, বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিলের ট্রাস্টি বোর্ড সদস্য ও পরিচালক ফাতিমা জাহরা আহসান রাইসা এবং দক্ষিণ জেলা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি রাজিব রিফাত।
আইন মেলার সার্বিক বাস্তবায়নে সহযোগিতা করে জনকল্যাণমূলক সংগঠন সালমা-আদিল ফাউন্ডেশন। পাশাপাশি বিভিন্ন আইন বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে সহায়তা প্রদান করে চন্দনাইশ স্টুডেন্ট কাউন্সিল।
মেলা পরিদর্শনে আসেন চট্টগ্রাম বারের একাধিক সিনিয়র আইনজীবী। তাঁদের মধ্যে ছিলেন চট্টগ্রাম বারের সাবেক সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর এম এ নাসের, সাবেক সহকারী সাধারণ সম্পাদক আরশাদুর রহমান, সাবেক অর্থ সম্পাদক তৌহিদুল মনির টিপু, সাবেক পাবলিক প্রসিকিউটর প্রভূতি বড়ুয়া, সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন এবং অ্যাডভোকেট মেজবাহুল হাফিজ, নুরুল ইসলাম ও ওসমান।
আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন আদিল এবং সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এমজেএফ। তাঁরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আইনভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধিকার ও মানবাধিকার সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
চাটগাঁ নিউজ/এমকেএন






