আনোয়ারায় লীগের ঝটিকা মিছিলে বিএনপির বাধা, রাতভর উত্তেজনা

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার কয়েকটি ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা ও মশাল মিছিলের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বরুমচড়া, রায়পুর ও হাইলধর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, শনিবার সন্ধ্যা ও রাতে উপজেলার বরুমচড়া এবং রায়পুর ইউনিয়নেও ঝটিকা ও মশাল মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।

স্থানীয়দের ভাষ্যমতে, রায়পুর ইউনিয়নের ওয়াহিদ আলী চৌধুরীর বাজার এলাকায় রাত ৯টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল বিভিন্ন স্লোগান দিয়ে মাত্র তিন মিনিটের মধ্যেই স্থান ত্যাগ করে। একইভাবে বরুমচড়া ইউনিয়নেও সন্ধ্যার পর ঝটিকা মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, রায়পুর ও বরুমচড়া ইউনিয়নের এসব মিছিলের কয়েকটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার একাধিক আওয়ামী লীগ নেতা তাদের ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে এসব ভিডিও প্রচার করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, হাইলধর এলাকায় নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল বের করার চেষ্টাকালে বিএনপির নেতাকর্মীরা বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মিছিল বেরকারীরা পালিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওগুলো যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top