চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের খাবার তৈরির রান্নাঘরে অভিযান চালিয়ে নানা অনিয়ম পেয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। সেখানে ইঁদুর ও তেলাপোকার উপদ্রবের পাশাপাশি খোলা অবস্থায় রাখা ভাত-ডাল, পচা ডিম এবং মাকড়সার জালযুক্ত হলুদের গুঁড়ো পাওয়া গেছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের খাদ্য বিভাগে এ অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সরবরাহের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ইয়াহিয়া ও কর্মচারী উৎপলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের এক কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
অভিযান চলাকালে কর্মকর্তারা দেখতে পান, রোগীদের জন্য রান্না করা ভাত ও ডাল ঢেকে না রেখে খোলা অবস্থায় রাখা হয়েছে। এসব খাবারের ওপর মাছি ও পোকামাকড় বসছিল। রান্নাঘরের বিভিন্ন স্থানে ইঁদুর ও তেলাপোকার বিচরণও দেখা যায়। এ ছাড়া রোগীদের পরিবেশনের জন্য রাখা সেদ্ধ ডিমের মধ্যে পচা ডিম পাওয়া যায়।
রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়ো পরীক্ষা করে তাতে পলিথিন ও মাকড়সার জালের উপস্থিতি পান কর্মকর্তারা। প্রাথমিক পরীক্ষায় এতে লেড সল্টের উপস্থিতিও শনাক্ত হয়েছে বলে জানান তাঁরা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ ধরনের উপাদান মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ফরহাদ ইসলাম বলেন, হাসপাতালের রোগীদের খাবার তৈরিতে চরম অব্যবস্থাপনা দেখা গেছে। হলুদের গুঁড়োয় পলিথিন ও মাকড়সার জাল পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় এতে লেড সল্টের উপস্থিতিও মিলেছে।
এসব অনিয়মের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানের একজন প্রতিনিধিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






