মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ইয়াবা, চম্পট কারবারি

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছেন এক মাদক কারবারি। পরে ওই মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে আনুমানিক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন একটি হোটেলের সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭ ও আনোয়ারা থানা-পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরীসহ পুলিশের একটি দল অংশ নেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকেই ওই এলাকায় নজরদারি ও অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের একপর্যায়ে শুক্রবার সন্ধ্যায় ধাওয়া খেয়ে এক মাদক কারবারি তার ব্যবহৃত মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালানো হলে সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো একের পর এক ইয়াবার প্যাকেট পাওয়া যায়। সেগুলো গণনা করে আনুমানিক ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৭, সিপিসি-৩ (চান্দগাঁও ক্যাম্প)-এর লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনার পর ইয়াবাগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। পলাতক মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আনোয়ারা থানা-পুলিশ জানিয়েছে, জব্দ করা মোটরসাইকেল ও ইয়াবা থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top