উখিয়ায় এপিবিএনের অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি নুর কামালকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯-এর ডি/১ ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী গ্রেফতার করা হয়েছে৷ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার এজাহারভুক্ত আসামি নুর কামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর কামাল (৩২) নজির আহম্মদের ছেলে। তিনি ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকের বাসিন্দা। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এপিবিএন সূত্র আরও জানায়, একই মামলায় গত ৬ আগস্ট পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় ৪ হাজার ১০০ পিস ইয়াবাসহ শাকিলা খাতুন (২৩) নামে এক নারীকে আটক করা হয়েছিল। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

৮ এপিবিএনের অধিনায়ক মো রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, মাদক পাচার ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ৮ এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ

Scroll to Top