পটিয়ায় নির্মাণাধীন সেতুর কাছে লবণবোঝাই বোটডুবি, ক্ষতি ১০ লাখ!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন একটি সেতুর পানির নিচে থাকা লোহার শিট পাইলের সঙ্গে ধাক্কা লেগে ২ হাজার মণ লবণবোঝাই একটি বোট ডুবে গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের চানখালী খালের নাইখাইন সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে বোটে থাকা সব লবণ পানিতে তলিয়ে যায়। লবণের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। এ ছাড়া বোটটির এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কক্সবাজারের পেকুয়া থেকে ‘মায়ের দোয়া’ নামের বোটে ২ হাজার মণ লবণের কাঁচামাল নিয়ে কর্ণফুলী নদী ও চানখালী খাল হয়ে পটিয়ার ইন্দ্রপুল লবণ মিলে যাচ্ছিলেন শ্রমিকেরা। দুপুর সোয়া ১টার দিকে নাইখাইন সেতু এলাকায় পৌঁছালে নির্মাণাধীন সেতুর পানির নিচে থাকা লোহার শিট পাইলের সঙ্গে ধাক্কা লেগে বোটটি ডুবে যায়।

লবণের মালিক নুরুল আবছার মনু জানান, ২ হাজার মণ লবণ ডুবে যাওয়ায় তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ডুবে যাওয়া বোটটি সংস্কার করতে ৪ থেকে ৬ লাখ টাকা লাগতে পারে। দুর্ঘটনাস্থলে পানির নিচে থাকা সেতুর শিট পাইলটি ওপর থেকে দেখা যায় না বলেও জানান তিনি।

লবণ ব্যবসায়ীদের অভিযোগ, পানির নিচে থাকা লোহার শিট পাইলের সঙ্গে ধাক্কা লেগে একই স্থানে বারবার লবণবোঝাই বোট ডুবলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৃহস্পতিবারের দুর্ঘটনার কিছুক্ষণ আগে আবদুল শুক্কুর নামে আরেক ব্যক্তির একটি বোটও সেখানে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে কোনো রকমে মেরামত করে সেটি ইন্দ্রপুলে নিয়ে যাওয়া হয়।

প্রায় ছয় মাস আগেও একই স্থানে কয়েক দিনের ব্যবধানে দুটি লবণবোঝাই বোট ডুবে যায়। এতে লবণের মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো ক্ষতিপূরণ পাননি বলে জানান ব্যবসায়ীরা।

পটিয়া ইন্দ্রপুল লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই ও অর্থ সম্পাদক হেলাল উদ্দীন জানান, একই স্থানে বেশ কয়েকবার লবণবোঝাই বোট ডুবেছে। এতে লবণ মিলমালিক ও লবণের মালিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তারা আরও বলেন, লবণের মৌসুম মাত্র শুরু হয়েছে। এরই মধ্যে বড় বড় লবণবোঝাই বোট আসতে শুরু করেছে। এভাবে বোট ডুবতে থাকলে লবণের ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

যোগাযোগ করা হলে নির্মাণাধীন সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েল অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী মো. আলাউদ্দীন বলেন, লবণবোঝাই বোট ডুবে যাওয়ার বিষয়টি তিনি জানেন না।

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের পটিয়ার উপবিভাগীয় সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন বলেন, বৃহস্পতিবার ডুবে যাওয়া বোটটি সেতুর শিট পাইলের সঙ্গে ধাক্কা লেগে ডুবেনি। সেতুর পাশে থাকা দুটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বোটটি ডুবেছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top