সিএসইর পরিচালক হলেন মেজর এমদাদুল ইসলাম ও মীর্জা সালমান ইস্পাহানি

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) এমদাদুল ইসলাম ও মীর্জা সালমান ইস্পাহানি। নির্বাচনে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিএসইর জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি আইন অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর সিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) দুই পরিচালকের পদ শূন্য হওয়ার কথা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরিচালকদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি। ফলে মেজর (অব.) এমদাদুল ইসলাম ও মীর্জা সালমান ইস্পাহানি বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম বি কে ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মীর্জা সালমান ইস্পাহানি আইএসপিআই সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান।

সিএসইর চেয়ারম্যান একেএম মোহসেন উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটি তাদের নির্বাচিত হওয়ার বিষয়টি ঘোষণা করে। কমিটির অন্য সদস্যরা হলেন— মো. শওকত আলী তালুকদার ও ড. মো. খোরশেদ আলম তালুকদার।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top