সীতাকুেণ্ড তিনজনকে কুপিয়ে জখম, বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চাটগাঁ নিউজ ডেস্ক : সীতাকুণ্ডে কথা কাটাকাটির জেরে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী অভিযুক্তদের ওপর চড়াও হয়ে গণধোলাই করে তাদের বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ করে।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী বিএম গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. নূর ইসলাম, মো. আনোয়ার ও মো. নজরুল ইসলাম।

তাদের মধ্যে আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সানমার কলোনিতে বাঁশ রাখাকে কেন্দ্র করে মো. আলম নামের এক ব্যক্তির সঙ্গে প্রতিবেশি নূর ইসলাম, আনোয়ার ও নজরুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলম ও তার ছেলে মো. মাসুমসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ওই তিনজনের ওপর হামলা চালিয়ে আহত করেন।

খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী একত্রিত হয়ে আলমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় অভিযুক্তের ছেলে মাসুম বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন। পরে আলম ও তার ছেলে মাসুমকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, নির্মাণসামগ্রী রাখা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top