সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল বণিক (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কালাপানিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিমুল বণিক উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকার মৃত বিষ্ণু বণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিমুল প্রতিদিনের মতো বুধবার সকালে রাজমিস্ত্রির কাজ করতে কালাপানিয়া ইউনিয়নে যান। কাজের বিরতিতে হাত-মুখ ধোয়ার জন্য পাশের একটি পুকুরে নামেন তিনি। ওই পুকুরে আগে থেকেই পানি তোলার জন্য বৈদ্যুতিক পাম্প বসানো ছিল। পাম্পের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকায় পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে পানিতে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শিমুল।
পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শিমুল বণিক কয়েক বছর প্রবাসে ছিলেন। গত বছর ২৭ নভেম্বর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের মাত্র নয় মাসের মাথায় তার এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/জেএইচ






